ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে আনাস নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের আসলাম ও মিমি দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু আনাস। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের নওশের চেয়ারম্যানের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানা গেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মাসহ পরিবারের সদস্যরা। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে রাজাপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ভোরের আকাশ/সু.পা