নরসিংদীতে অস্ত্র ও গোলাবারুদসহ বাবা-ছেলে গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রায়পুরা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিক। এসময় নরসিংদী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানাসহ সেনাবাহিনী ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ৭ জানুয়ারী সকালে রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিক, পিএসসি এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদ বিন মনসুর এর নেতৃত্বে নরসিংদী জেলা পুলিশের একটি টিম ও রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানারসহ রায়পুরার চারাঞ্চলের ইউনিয়নসমূহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের নিমিত্তে টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নওয়াব পাড়া এলাকায় অস্ত্র ও গোলাবারুদসহ কতিপয় সন্ত্রাসী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে যৌথবাহিনী অভিযান চালিয়ে সায়দাবাদ গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল ওরফে আকরাম (৩৫) ও তার পিতা মো. জালাল উদ্দিন (৬৫)কে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত হতে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলো হচ্ছে, এক নলা বন্দুক-২টি, দেশীয় ওয়ান শুটার গান-১টি, রামদা-১টি, ডেগার-২টি, ছুরি- ৪টি, চাপাতি-২টি, কার্তুজ-৮টি, ৭.৬২ মিমি চায়না রাইফেলের গুলি ৫০ রাউন্ড, দেশীয় বোমা-৩টি, পটকা-২২টি, বুলেট প্রফ জ্যাকেট-১টি, বন্দুকের কভার-২টি, বাটন মোবাইল-১৫টি, অ্যান্ডয়েড মোবাইল সেট-৫টি, আইফোন-১টি, ম্যানিব্যাগ-১টি, এনআইডি কার্ড-১টি, ডেগার কভার-১টি। এছাড়া বালুঘাটা গ্রামের আকবর আলী ওরফে ভেড়ার বাড়ির লাকি বেগম এর কচু ঘরে বোমা কালামের আখড়ার সিলিং এর উপর হতে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, শীর্ষ সন্ত্রাসী ইকবাল ওরফে আকবর (৩৫) এর বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ও ১টি অস্ত্র আইনের মামলাসহ সর্বমোট ১১টি মামলা রয়েছে। সন্ত্রাসী মো. জালাল উদ্দিন এর বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের নজরদারি অব্যাহত আছে।
ভোরের আকাশ/র.ই