টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই