ফরিদপুরে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের ছয় কেজি গাঁজাসহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায় , মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২.১০ মিনিটের সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় ঢাকা টু মাগুরাগামী মহাসড়কে র্যাব-১০ এর একটি অভিযানিক দল মাদক উদ্ধার ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম, পিতা- মো. হজরত আলী, সাং- বেতছড়ি, থানা- দিঘিনালা, জেলা- খাগড়াছড়ি বলে জানা যায়।
জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/মো.আ.