জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান শাকিল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক দুটি ধারায় তাঁকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মথুরিয়া গ্রামের মাহমুদুল হাসান শাকিল। অপহরণের পর ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। ঘটনার সাত দিন পর গাজীপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২০ মে ভুক্তভোগীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে রোববার দুপুরে আদালত রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় প্রধান আসামি মাহমুদুল হাসান শাকিল আদালতে উপস্থিত ছিলেন না। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।
ভোরের আকাশ/সু.পা