সারিয়াকান্দিতে এক দিনে তিন কর্মসূচিতে কাজী রফিকুল ইসলাম

পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা থেকে সামাজিক সুরক্ষা কর্মসূচির মাঠপর্যায়ের বাস্তবায়ন, পাশাপাশি সরকারি হাসপাতালের সেবাব্যবস্থা নিয়ে আলোচনা—এক দিনের কর্মসূচিতে উঠে এসেছে জনস্বার্থসংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্যাপনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য। কর্মসূচিটির তথ্য সংগ্রহ ও মাঠপর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির বিষয়টি প্রশিক্ষণে গুরুত্ব পায়।
দিনের তৃতীয় কর্মসূচিতে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন তিনি। সভায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও হাসপাতালের ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
তিনটি কর্মসূচির প্রতিটিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে থানা অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতান ইবনে সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আঃ আলিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেন, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী নুনী গোপাল সিংহ, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র