ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়া থানায় দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তারের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. শরীফুল ইসলাম। একাধিক হত্যা মামলা থাকায় তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল বলে জানিয়েছে পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন ইদ্রিস আলী। এ সময় কাগজপত্র যাচাই-বাছাই ও ডাটাবেজ পর্যালোচনার সময় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা থাকার বিষয়টি ধরা পড়ে।
পরে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তার বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের বাসিন্দা আলী আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগ রয়েছে ইদ্রিস আলীর বিরুদ্ধে। এছাড়া এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে বলে জানা গেছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বলেন, ইদ্রিস আলী ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে ইমিগ্রেশনে আসেন। এ সময় তার ডাটাবেজ যাচাই করে দেখা যায়, তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা