রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরীর রেশম শিল্পের সম্প্রসারণ, বিদ্যমান কারখানার অবকাঠামোগত উন্নয়নসহ এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ। সাক্ষাৎকালে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বিদ্যমান রেশম কারখানার অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পের বিকাশে করণীয় বিষয়গুলোও উঠে আসে।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহীর ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নগরীকে শিল্পসমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চায় সিটি করপোরেশন। এ ক্ষেত্রে রেশম শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে রাসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
মতবিনিময়কালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নান, পরিচালক (সম্প্রসারণ) আনম আনোয়ারুল হাসান, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মোছা. নাসিমা খাতুন, পরিচালক (উৎপাদন ও বিপণন) মো. মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. রেজা হাসান, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এফএ