ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় সহায়তা, সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও লিংকেজ জোরদারের লক্ষ্যে সচেতনতামূলক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী উপজেলায় এ সভার আয়োজন করা হয়। সিসিডিবির ‘সমান আওয়াজ’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করছে Coady Institute ও Global Affairs Canada (GAC)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিত করে তাদের সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত করতে কমিউনিটি সহযোগীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে সিএসও সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, যুব নেতা, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিতকরণ, সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তাদের প্রবেশাধিকার নিশ্চিত, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও লিংকেজ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার, সুযোগ ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, নারীর নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সুশাসন আরও শক্তিশালী হবে।
ভোরের আকাশ/সু.পা