আশুলিয়ায় কাউ বয় ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকার আশুলিয়ায় ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন অসঙ্গতির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।
এর আগে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদনের অভিযোগ এবং তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ‘সোহেল রানার অনুমতি ছাড়া সাংবাদিক প্রবেশ নয়’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন, কারখানাটিতে বিভিন্ন ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। এসব বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে অসঙ্গতিগুলো দ্রুত সংশোধনের জন্য সময় চেয়েছে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অসঙ্গতিগুলো সংশোধন করা না হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে এসব অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিষ্ঠানের অনুমোদন, উৎপাদন কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মিত তদারকি করা প্রয়োজন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে সব অসঙ্গতি সংশোধন করে আইন ও বিধিমালা মেনে কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যাশা তাদের।
অভিযানকালে আশুলিয়া থানার এসআই মো. সুমন মিয়াসহ ইলেকট্রনিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ