সিরাজদিখানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় পুকুরে ডুবে জিদনী (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার ইছাপুরা লালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিদনী শেরপুর সদর উপজেলার ৭ নম্বর বাটশালা ইউনিয়নের চর সাপমারি গ্রামের আব্দুল জলিলের মেয়ে। বর্তমানে পরিবারটি সিরাজদিখান উপজেলার ইছাপুরা লালবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল। আব্দুল জলিল জীবিকার তাগিদে রিকশা চালান।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ঘটনার সময় জিদনীর মা হাফিজা বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে জিদনী পাশের অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে একটি পুকুরে গোসল করতে যায়।
জিদনী সাঁতার না জানায় পুকুরের সিঁড়িতে পিছলে পানিতে পড়ে যায় এবং ডুবে যায়।পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পুকুর থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল জলিল জানান, মেয়ের মৃত্যু সম্পূর্ণ দুর্ঘটনাজনিত। এ বিষয়ে কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বা সন্দেহ নেই।
ঘটনার পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/রই