কসবায় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে কসবা থানা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে (১৫ সেপ্টেম্বর) কসবা-সৈয়দাবাদ সড়কের তালতলা বট গাছ এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছে থাকা রাম দা ও চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককতৃসহ আরও প্রায় ৬/৭ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে দন্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটককতৃদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, মঙ্গলবার গভীর রাত প্রায় দেড়টার দিকে কসবা-সৈয়দাবাদ সড়কের পৌর এলাকার তালতলা বটগাছ সংলগ্ন ব্রীজের কাছে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৮ জনের একটি দল। গোপন সংবাদে খবর পেয়ে কসবা থানা উপপরিদর্শক নূরন নবীর নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ৬ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার মনকাশাইর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪২), ও আবদুল হাকিম মিয়ার ছেলে সুজন মিয়া (৫৫), চন্দ্রপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (২০), তালতলা গ্রামের জাহাংগীর মিয়ার ছেলে রাজু মিয়া (২১), সৈয়দাবাদ গ্রামের মোহাম্মদ ভূইয়ার ছেলে রুমান ভূইয়া (২৭) ও জালাল মিয়ার ছেলে কসাই মনির (৩০)। পলাতক দুজন হলো তালতলা গ্রামের জাহাংগীর মিয়ার অপর ছেলে রানা মিয়া (২৮) ও অনন্তপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে শেখদল মিয়া (২৭)। এছাড়াও পুলিশের করা মামলায় আরও ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। দুজন পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি এই সংঘবদ্ধ দলের সাথে জড়িতদের ধরতে আটকতৃদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
ভোরের আকাশ/ এনউব