চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে নগরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, মোহরাসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম জানান, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। দুপুরের আগে কর্ণফুলী নদীতে জোয়ার শুরু হওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, নগরের আমবাগান আবহাওয়া কেন্দ্রের ইনচার্জ বিজন রায় জানান, একই সময়ে আমবাগান এলাকায় ২৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অতিরিক্ত বৃষ্টির কারণে নগরের নিচু এলাকাগুলোর সড়কে হাঁটুপানি থেকে কোমরসমান পানি জমে গেছে। এ পরিস্থিতিতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। কর্মজীবী মানুষ, বিমানবন্দরগামী যাত্রী, পথচারী এবং জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে গণপরিবহনের চলাচল কমে যাওয়ায় ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম। পরিস্থিতি পরিদর্শনে সকালে বিভিন্ন জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
ভোরের আকাশ/ইউএম