বাসাইলে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তায়েবা আক্তার, বাসাইল পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের শিশুদের পক্ষে রুফাইজা ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সকলেই শিশু। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মেয়েদের বিয়ে দিলে তাদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে। তাই বাল্যবিবাহ রোধে পরিবারের সদস্য ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা, অধিকার নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি কন্যাশিশু শিক্ষিত ও স্বাবলম্বী হয়ে উঠলে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কন্যাশিশুরাসহ তাদের অভিভাবকগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ভোরের আকাশ/সু.পা