ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনকে কেন্দ্র করে ৫ জন গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা দেয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে ৫ জন আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরলাপাং এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- নুরুল আমিন (৪০), রউফ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), ইব্রাহিম (৩০) ও সিয়াম (১৬)। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের মেঘনা নদীতে ‘সামিউল ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। অভিযোগ রয়েছে, ইজারার নির্ধারিত সীমা অতিক্রম করে চরলাপাং এলাকা থেকে বালু উত্তোলন শুরু করলে কৃষিজমি ও আশপাশের এলাকায় ভাঙনঝুঁকি তৈরি হয়।
রোববার সকালে আবারও বালু উত্তোলনের চেষ্টা হলে গ্রামবাসী বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাশ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকাযোগে আসা একদল দুর্বৃত্ত গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে ৫ জন গুলিবিদ্ধ হন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম জানান, সকালে গুলিবিদ্ধ অবস্থায় ৫ জন হাসপাতালে চিকিৎসা নেন। তাদের শরীরে ছররা গুলি লেগেছে, তবে সবাই শঙ্কামুক্ত।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. আব্দুল মান্নান জানান, ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রশাসনকে অবহিত করেছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ভোরের আকাশ/এনএস