আলফাডাঙ্গায় আগুনে পুড়ল পাটের গুদাম ও সেলুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া নতুন বাজারে অগ্নিকাণ্ডে পাটের ১০টি গুদাম ও একটি সেলুন পুড়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা তাদের দেড় থেকে দুই কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে জানান। তবে এ অগ্নিকাণ্ডে কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরূপনে কাজ চলছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেঁয়াজ সংরক্ষণের ঘরে পেঁয়াজ ঠান্ডা রাখার বৈদ্যুতিক যন্ত্রে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে মাসুদ মন্ডলের তিনটি, ফিরোজ মেম্বারের একটি, হাবিব মন্ডলের একটি, রাজু মন্ডলের ফুফাতো ভাইয়ের একটি, ইমরুল মোল্লার একটি, কালাম মোল্লার একটি এবং জাকির মোল্লার একটি পাটের গুদাম পুড়ে যায়। এ ছাড়া উত্তমের একটি সেলুন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেলুনটি ছাড়া অন্য গুদামগুলোতে পাট মজুত ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে।
এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।
ভোরের আকাশ/ইউএম