পার্বতীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, ট্রাকে অগ্নিসংযোগ

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাবড়া এরশাদ নগর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরিচবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৯৪০১) পার্বতীপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। অপরদিকে একটি মোটরসাইকেল ফুলবাড়ী থেকে পার্বতীপুরের দিকে আসছিল। হাবড়া এরশাদ নগর এলাকায় পৌঁছালে হঠাৎ করে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন আরোহী নিহত হন। নিহত ব্যক্তি পূর্বদুর্গাপুর এলাকার তমেজ উদ্দিনের ছেলে ও সাবেক ইউপি সদস্য তৈবুর রহমান (৫৫)।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সারমিন বেগম (৩৫) এবং তার দুই বছর বয়সী শিশু ছামিউল ইসলাম গুরুতর আহত হন। আহত সারমিন বেগম একই এলাকার মমিনুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলেই ঘাতক ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পার্বতীপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/সু.পা