চট্টগ্রাম–কক্সবাজার রুটে পাঁচ দিন ট্রেন বন্ধ, ক্ষতি প্রায় ৮৮ লাখ টাকা

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় টানা পাঁচদিন বন্ধ ছিল ট্রেন চলাচল। এর ফলে অগ্রিম বিক্রি হওয়া হাজারো টিকিট ফেরত দিতে গিয়ে প্রায় ৮৮ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। এ সময় অগ্রিম বিক্রি হওয়া ১১ হাজার ৩৩৭টি টিকিট বাতিল করে যাত্রীদের মোট ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেন বন্ধ থাকায় পরবর্তী কয়েকদিনের অগ্রিম টিকিট বিক্রিও উল্লেখযোগ্যভাবে কমে যায়।
সংশ্লিষ্টদের মতে, টানা কয়েকদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং রেলওয়ের সেবায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টেকসই অবকাঠামো নির্মাণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, রেললাইন প্রায় তিনদিন পানির নিচে ছিল। পানি সরে যাওয়ার পরও নিরাপত্তা নিশ্চিত করতে আরও দুইদিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ১২ জুলাই সীমিত গতিতে এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, অতিবৃষ্টির কারণে রেললাইন পানির নিচে চলে গেলেও অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পাঁচদিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পানি নেমে যাওয়ার পর প্রকৌশলীদের পরিদর্শন শেষে রুটটি পুনরায় চালু করা হয়।
ভোরের আকাশ/সু.পা