গুজব ও অপপ্রচার ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ এবং তথ্যভিত্তিক অপপ্রচার রোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল, জেলা আইসিটি অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও আমার দেশ–এর প্রতিনিধি মহব্বত হোসেন।
সভায় জেলা প্রশাসক শরীফা হক বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, এটি পরিবার ও সমাজের জন্যও ভয়াবহ হুমকি। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে জনসচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদার এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মিথ্যা বা বিকৃত তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
আলোচনা সভায় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন জামে মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ