সিদ্ধিরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দাযের করে। অভিযুক্ত আমিরুল ফরিদপুরের কোতোয়ালি থানার আবু ফকিরের ছেলে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক এবং ধর্ষণের শিকার শিশুর নানির পরিবার দক্ষিণ আজিবপুর সরদারপাড়া মসজিদ সংলগ্নের হাজী গোলজার নামক এক বাড়ি মালিকের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অভিযুক্ত ওই বাড়ির দ্বিতীয় তলা এবং শিশুর নানিরা নিচ তলায় বাস করার সুবাদে গত ২৫ আগস্ট সকালে ভুক্তভোগী শিশু তার নানির ঘরের নিচে খেলাধুলা করাকালীন সময়ে অভিযুক্ত যুবক শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান। ঘরে প্রবেশের পর বাচ্চাটির হাতে ১০ টাকা নোট দিয়ে তাকে ধর্ষণ করা হয়। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর পরিবার জানতে না পারলেও সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুর পরিবার শিশুর শরীর অসুস্থতা এবং অন্যান্য উপসর্গ দেখে সন্দেহ করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনা সম্পর্কে জানতে পারেন। পরে অসুস্থ অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওলিউল্লাহ জানান, গত ২৭ তারিখ ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করার পর আমরা এটি নিয়ে কাজ করে যাচ্ছি। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যেই তাকে আটক করা হবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/ এনউব