সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী সমর্থক আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃত কর্মী সমর্থকরা হলেন, আবির হাসান, রাব্বী মিয়া, ইমন মিয়া, রায়হান মিয়া, শাওন শেখ, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, শাহরিয়ার হাসান ও যোবায়ের হোসেন। তারা সবাই নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এশিয়ান হাইওয়ে সড়কে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। একপর্যায়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় ১২ জনকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
তালতলা ফাঁড়ির পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জসিমউদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় ১২ জন ছাত্রলীগকর্মীকে আটক করে সোনারগাঁ থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
ভোরের আকাশ/এনউব