গাইবান্ধায় বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসর ঘরে নজরুল ইসলাম (২৫) নামের এক স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন নববধূ মোরশেদা আক্তার (২০)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে শুক্রবার সামাজিকভাবে বিয়ে করেন। রাতেই নববধূকে বাড়িতে তুলে আনা হয়। বাসর ঘরে অবস্থানকালে হঠাৎ নববধূ ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন।
নজরুলের চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওশা আকন্দ বলেন, “বাসর রাতে এ ধরনের ঘটনা খুবই হৃদয়বিদারক। বিষয়টি মেয়ে পক্ষ এবং পুলিশকে জানানো হয়েছে।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/তা.কা