গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ

গাইবান্ধায় অবৈধভাবে কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে অবৈধভাবে সার বহন করার অপরাধে ট্রাকচালকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু।

এরআগে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলীয় এলাকায় থেকে একটি ট্রাকবোঝাই এসব সার জব্দ করা হয়। পলাশবাড়ী ডিলারদের বরাদ্দের জন্য এসব সার কুড়িগ্রাম পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। দণ্ডপ্রাপ্ত ট্রাক চালকের নাম মিন্টু মণ্ডল (৪০)। তার বাড়ি সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াহাসপাতাল এলাকায়। তিনি ওই এলাকায় ওয়াহেদ আলীর ছেলে।
গাইবান্ধার তুলশীঘাট সরকারি গুদাম থেকে ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকসহ সার গুলো আটক করে উপজেলা কৃষি বিভাগকে জানায়। পরে কৃষি বিভাগ ঘটনাস্থলে পৌছে সারগুলো জব্দ করে নিয়ে আসে।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু বলেন, ৫০ কেজির দুইশ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার গুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। কৃষি বিভাগকে সার জব্দের বিষয়টি তদন্ত করার নিদের্শ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ