রাজশাহীতে ক্রিকেটারদের খোয়া যাওয়া লাগেজ উদ্ধার, আটক ৫

ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাঁদের আটক ও লাগেজগুলো উদ্ধার করে।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক পাঁচজন পেশাদার অপরাধী। তাঁদের বাড়ি রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায়। চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে মালামাল চুরির অভিজ্ঞতা রয়েছে তাঁদের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁরা বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেননি। এ ঘটনায় মামলা করা হবে জানিয়ে তিনি বলেন, পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন জানান, লাগেজ উদ্ধারের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা জেলা ডিবি কার্যালয়ে যান। সেখানে আটক পাঁচজনকে দেখেছেন তাঁরা। তাঁদের মধ্যে কেউ কেউ ক্রিকেটারদের লাগেজে থাকা পোশাক পরেছিলেন, আবার কেউ লাগেজে পাওয়া দামি সুগন্ধি ব্যবহার করেছিলেন।
মোজাদ্দেদ জামানী সুমন আরও জানান, ক্রিকেটারদের লাগেজে থাকা প্রায় সব মালামালই উদ্ধার হয়েছে। তবে একজন ক্রিকেটারের লাগেজে থাকা তিন লাখ টাকা পাওয়া যায়নি। ওই টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে ডিবি পুলিশ তাঁদের জানিয়েছে।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহীতে ফেরে বিভাগীয় ক্রিকেট দল। অন্যদিকে, বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহীতে আনা হচ্ছিল।
বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজ খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী নগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ কাজ শুরু করে।
ভোরের আকাশ/সু.পা