রংপুর মহানগর মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দোয়া মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রংপুর মহানগর মহিলা দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার দুপুর ১২টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আরজানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু।
প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মহিলা দলের নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ বিভিন্ন অন্যায়, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন বলে তারা মনে করেন। বর্তমানে রাজনীতিতে নারীরাও পিছিয়ে নেই। তারাও রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক রাষ্ট্র গঠনের কর্মসূচি সফল করতে রংপুর মহানগর মহিলা দলের নেতাকর্মীদের সজাগ থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আরজানা বেগম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী সমাজকে সর্বক্ষেত্রে স্বাবলম্বী করার লক্ষ্যে ৪৮ বছর আগে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে। তিনি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, তারেক রহমানের সব কর্মসূচি সফল করতে রংপুর মহানগর মহিলা দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ‘দল আমাকে কী দিল, সেটা ভাবার সময় নয়; আমরা দলকে কী দিলাম, এখন সেটা ভাবার সময়’—বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক পারুল বেগম ও কানিজ ফাতেমা, সহসভাপতি কসরু বেগম, সহপ্রচার সম্পাদক রেহানা বেগম, সাংগঠনিক সম্পাদক মোছা. মাহবুবা খানম, দপ্তর সম্পাদক ইসমত আরা রিমা, ২১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি মোছা. আলিফ লায়লা, ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছা. জুলিয়া হোসেন মর্জিনা, ২৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সোহাগী আক্তার শিখা, ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি মোছা. মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মোছা. কানিজ বেগম ও ২০ নম্বর ওয়ার্ডের সভানেত্রী মোছা. লাবনী বেগম।
এ সময় মহানগর মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে জেলা মহিলা দলের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভোরের আকাশ/সু.পা