চাঁদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ‘আমাদের এই সমাবেশ দুরভিসন্ধি প্রতিরোধ করার সমাবেশ। কেউ কেউ লং মার্চের বক্তব্য দিয়ে বনের এক বাঘ সাজতে চান। একেক জায়গায় একেক বক্তব্য দিয়ে স্বঘোষিত নানার জন্ম হয়েছে। এ বাংলাদেশে কোনো নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না।’
তিনি আরও বলেন, ‘চাঁদপুরে যারা আরামে ঘুমিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে যোগদান করেন, তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। আপনারা যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও স্বঘোষিত নানা দাবি করেন, তাদেরকে প্রতিহত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব।’
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক-এর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিনিয়র শামছুল আরেফিন খান-এর যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সলিম উল্যা সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝি, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ভোরের আকাশ/আ.র