ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ময়মনসিংহের ফুলপুরে "শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর" প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০:০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা’র সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার বিভিন্ন পর্যায়ের নির্বাচিত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত গুণী শিক্ষকবৃন্দ:
মাধ্যমিক ও কারিগরি পর্যায়: ১. মো: আতিকুল ইসলাম – সিনিয়র সহকারী শিক্ষক (গণিত), ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ২. মো: শাফায়েত জামিল – সহকারী অধ্যাপক (সমাজকর্ম), ফুলপুর ডিগ্রী মহিলা কলেজ। ৩. আশীষ কুমার সরকার – ট্রেড ইনস্ট্রাক্টর (কম্পিউটার ও তথ্য প্রযুক্তি), কারিগরি শাখা, গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
প্রাথমিক শাখা (উপজেলা পর্যায়): ১. জান্নাতুন নাসরিন – প্রধান শিক্ষক, সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২. ফিরোজ আলম খান – প্রধান শিক্ষক, বিলাসাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩. আয়েশা খাতুন – প্রধান শিক্ষক, পশ্চিম মাড়াদেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের মর্যাদা রক্ষা, পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ভোরের আকাশ/ এনউব