সংবিধানে সব নাগরিকের সমান অধিকার, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব" — ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

"সবাই দেশের নাগরিক। হিন্দু-মুসলিম সকলের সমান অধিকারের কথা সংবিধানে বলা হয়েছে। প্রতিটি নাগরিক যেন এই অধিকার ভোগ করতে পারেন, তার নিশ্চয়তা দেওয়া সরকারের দায়িত্ব।"
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জিআর চাল ও অনুদানের অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এ কথা বলেন।
বিকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার ১৬২টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে চাল হস্তান্তর করা হয়। এছাড়া লালমনিরহাট পৌরসভার ২৫টি মন্দিরে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক মন্দির এলাকার ১০ জন করে হতদরিদ্র মানুষের মাঝে ৩০ কেজি করে চাল ও বস্ত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আরও বলেন, উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে সকলে যাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য সরকার থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ ও সরকারি মানবিক সহায়তা গ্রহণ করা হয়েছে।
চলতি বছর লালমনিরহাট জেলায় মোট ৪৭৯টি মন্দিরে দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি জোরদারে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে চাল ও অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এনএস