আসামির বন্ধুর হাতে বিচার নয়’—বগুড়ায় জেলা জজ পদায়ন নিয়ে বিচারপ্রার্থী স্ত্রীর সংবাদ সম্মেলন

বগুড়া সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পেশাদার আইনজীবী মরহুম অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার বিচার কার্যক্রমে স্বজনপ্রীতি ও নিরপেক্ষতা ভঙ্গের চরম আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর স্ত্রী মোছা: আক্তার জাহান শিল্পী। একই সাথে মামলাটির প্রধান আসামির সাথে গভীর সখ্যতার অভিযোগ তুলে বিচারক মো: মনিরুজ্জামানকে বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে পোস্টিং বা দায়িত্ব না দেওয়ার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আক্তার জাহান শিল্পী এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তাঁর স্বামীকে নির্মমভাবে হত্যা করে বগুড়ার আওয়ামী লীগ ক্যাডার, মোটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সন্ত্রাসী আমিনুল ইসলাম এবং তার সহযোগী ক্যাডার বাহিনী। মামলাটি বর্তমানে একেবারে শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে ২৪ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেছেন এবং যুক্তিতর্কের পরপরই রায় প্রদান করা হবে।
শিল্পী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমি জানতে পেরেছি যে মো: মনিরুজ্জামান নামে একজন বিচারককে বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগের বিষয়টি চলছে। তিনি এর আগে বগুড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে তিনি কতিপয় আসামি ও সন্ত্রাসী আমিনুল ইসলামের সাথে গভীর বন্ধুত্ব ও সখ্যতা গড়ে তোলেন। এমনকি তিনি আমিনুল ইসলামের মৎস্য খামারে মাছ শিকারে যেতেন এবং রাজশাহী সারদা পুলিশ একাডেমির সরকারি অনুষ্ঠানেও তাঁর বিশেষ সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।"
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় উক্ত বিচারক মো: মনিরুজ্জামানের আওয়ামী লীগ রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বগুড়া জাজশিপের কর্মচারী ও আন্দোলনরত ছাত্র-জনতা তাঁকে নিজ চেম্বারে অবরুদ্ধ করে রেখেছিল।
তিন সন্তানকে নিয়ে জীবননাশের হুমকি-ধমকি সামলে বিচার পাওয়ার আশায় সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন জানিয়ে শিল্পী বলেন, "এমন একজন বিতর্কিত বিচারক যদি বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তবে আমার স্বামী হত্যার চলমান মামলায় আমি ও আমার পরিবার কোনোভাবেই ন্যায়বিচার পাব না। আমরা বগুড়াবাসী এমন বিচারককে কোনোভাবেই মেনে নিতে পারি না।"
তিনি গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিচারক মো: মনিরুজ্জামানকে বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন না করার জোর দাবি জানান।
ভোরের আকাশ/ এনউব