সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১ আগস্ট) র্যাব-১১, সিপিসি-১, আদমজীনগর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অভিযানের সময় একটি মোটরসাইকেলের গোপন স্থানে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর গ্রামের হারুন অর রসিদের ছেলে সবুজকে (২৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১-এর অপস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, “মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার একটি চালান জব্দ করা হয়েছে। মাদক নির্মূলে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
ভোরের আকাশ/এনউব