ধামরাইয়ে ৩১ লক্ষ টাকার হিরোইন সহ তিনজন গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ১২ ঘন্টা গোপন অভিযান চালিয়ে ৩১০ গ্রাম হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৩১ লক্ষ টাকা।
গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই ঢুলিভিটা পলাশ মটরস এর সামনে থেকে মোছা. শাহিদা আক্তার (২৯) ও তার সহযোগী মিন্টু হোসেন(২৯) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্ব থেকে মো. শরিফ (২৯) নামক আরও একজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
এসময় ঘটনাস্থলে অভিযুক্ত শাহিদা আক্তারের নিকট হতে ৯৫ গ্ৰাম হেরোইন যার আনুমানিক বাজার মূল্য ৯,৫০,০০০ টাকা এবং তার সহযোগী মিন্টু হোসেনের নিকট হতে ১৫ গ্ৰাম হেরোইন যার বাজার মূল্য ১,৫০,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এছাড়াও কালামপুর বাসস্ট্যান্ড থেকে আটককৃত মো. শরিফ(২৯) এর কাছ থেকে ২০০ গ্ৰাম হেরোইন জব্দ করেছে ধামরাই থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১২ ঘন্টা গোপন অভিযান চালিয়ে কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্ব থেকে একজন ও ঢুলিভিটা পলাশ মটরস এর সামনে থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় মাদক সেবনকারীদের কাছে খুচরা মাদক বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ