বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত

"ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন" প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৬।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের ‘করতোয়া’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। "বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নিরাপত্তাহীনতা ও স্থানীয় অব্যবস্থাপনার কারণে আমাদের পর্যটন খাত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এলাকার মতো পর্যটকবান্ধব পরিবেশ তৈরি, স্থানীয়দের ইতিবাচক অংশগ্রহণ এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।"
সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পর্যটন খাতকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ও ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের পর্যটন কেন্দ্র, হোটেল-রিসোর্ট ও পরিবহন সংক্রান্ত তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চ্যাটবট প্রযুক্তি ব্যবহার করে পর্যটন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হচ্ছে, যা দেশের পর্যটন শিল্পের বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে।"
আলোচনায় বক্তারা বাংলাদেশের পর্যটনের তিনটি মূল স্তম্ভ— প্রাকৃতিক সৌন্দর্য, প্রাক-ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন। পাহাড়, জলপ্রপাত, কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম প্রবাল সৈকত, সেন্টমার্টিন, সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল ও কুয়াকাটার পাশাপাশি বগুড়ার প্রাচীন মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার এবং বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের গুরুত্ব এতে আলোচিত হয়।
একই সাথে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্যও পর্যটনে বিশেষ মাত্রা যোগ করছে বলে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বগুড়া পর্যটন মোটেলের ব্যবস্থাপক মোঃ আলী আজম মিঞা।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বগুড়া জোনের ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক (ইন-চার্জ) মুহাঃ আতিয়ার রহমান, পর্যটন মোটেলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আব্দুল হান্নান এবং বগুড়া জেলা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস. এম. দেলোয়ার হোসেন ।
ভোরের আকাশ/সু.পা