টেকনাফ
সেন্টমার্টিনে বোটসহ ৯ জেলে উদ্ধার

সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সেন্টমার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে বোটটি নিয়ন্ত্রণহীন অবস্থায় সাগরে ভাসতে থাকে। পরে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১–এর মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই