১৭ বছর পর নতুন কমিটি, সালথায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

ফরিদপুরের সালথায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছর পর নতুন কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের পাশে থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করতে চান তারা। পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম, সৈয়দ জনি পারভেজ, খোকন মাতুব্বর, রাসেল শেখ, কালাম ও ফরিদ হোসাইন। এ ছাড়া মতিয়ার রহমান ও হাবিবুর রহমান হাবিবসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সালথা উপজেলা যুবদলের নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. হাসান আশরাফকে আহ্বায়ক, কামরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. এনায়েত হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে মিজান খান, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, জুয়েল লস্কর, ইয়াছিন মোল্লা, রাজিব মোল্লা, রিপন মাতুব্বর ও রনি ফকির রয়েছেন।
এর আগে নবগঠিত কমিটির নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন আহ্বায়ক মো. হাসান আশরাফ। আনন্দ মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।
ভোরের আকাশ/আ.র