নীলফামারীতে শীতার্তদের জেলা প্রশাসকের কম্বল প্রদান

শীতের হিমেল রাতে উষ্ণতার পরশ নিয়ে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির।
শুধু কম্বল বিতরণ নয়, গভীর রাতে ঘুমিয়ে থাকা অসহায় মানুষের গায়ে নিজ হাতে পরম মমতায় কম্বল জড়িয়ে দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর এ উদ্যোগে ফুটে উঠেছে প্রশাসনের দায়িত্ববোধ, মানবিকতা ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা।
শনিবার (২৮ নভেম্বর) রাতে নীলফামারী শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক অসহায় ও ছিন্নমূল মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সাইদুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা