চট্টগ্রাম ক্লাবের কক্ষ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এম হারুন উর রশীদকে (৭৫) মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ও স্বজনদের ধারণা, মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সাবেক সেনাপ্রধানের লাশ পাওয়া গেছে। এম হারুন উর রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তবে তিনি ঢাকায় বসবাস করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন, এম হারুন-অর-রশীদের পরিবারের সদস্যরা চট্টগ্রাম ক্লাবে এসেছেন। সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করেন।
পুলিশ,পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি মামলার কাজে রোববার (৩ আগস্ট) তিনি চট্টগ্রাম আসেন। এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর সোমবার দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায়, অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে পড়ে থাকতে দেখেন স্টাফরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। তিনি কীভাবে মারা গেলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। একই দিন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০০২ সালের ১৬ জুন জেনারেল হাসান মশহুদের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে তিনি অবসরে যান।
অবসরের পর তিনি কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
ভোরের আকাশ/এসএইচ