পটুয়াখালীতে আ. লীগ নেতারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, পটুয়াখালীতে বিএনপি নেতাদের লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের চিহ্নিত করে রাখুন। যখন সময় আসবে, আওয়ামী লীগ যেমন পালিয়েছে, এরা-ও পালাতে বাধ্য হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা ও বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের সব জেলার ফ্যাসিস্ট নেতাকর্মীরা পালিয়েছে, শুধু পটুয়াখালীর নেতাকর্মীরা ছাড়া। গত বছর আগস্টের ৫ তারিখের পর যখন আওয়ামী লীগ মাঠে ছিল না, তখন পুলিশের কোনো অত্যাচার-নির্যাতনও ছিল না।বিএনপির নামধারী কিছু নেতাকর্মী আমাদের উপর অত্যাচার করেছে। তাই তাদের চিহ্নিত করে রাখুন। যখন সময় আসবে, আওয়ামী লীগ যেমন পালিয়েছে, এরা-ও পালাতে বাধ্য হবে।
তিনি বলেন, শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখন কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি। আশ্রয় দিয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারত। সেখান থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে। সে জন্য ভারত সরকার সেখানে একটি অফিস করে দিয়েছে। বিএনপিকে দুর্বল করার জন্য সেখান থেকে নানামুখী ষড়যন্ত্র চলছে। বিএনপি একটি বড় দল, সহজে ভাঙা যায় না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গাজী রাসেদ সমাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মাকসুদ আহমদ বায়েজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ফিরোজ আলম গোলদার, এ্যাড. মোঃ তারকিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ