খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর রূপসা পাইকারি মৎস্য বাজার সংলগ্ন খালে আধুনিক স্লুইচ গেট কাম পাম্প হাউজ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রশাসক বলেন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন এ প্রকল্পটি গ্রহণ করে। আধুনিক এ প্রকল্পের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসনে আমরা বড় ধরনের একটি সাফল্য পাবো। খুলনা সিটি কর্পোরেশন নগরবাসীর সেবা প্রদানে ধারাবাহিকভাবে সকল কাজ সম্পন্ন করবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, খুলনা শহরের প্রধান প্রধান এলাকার বড় ড্রেনসমূহের পানি রূপসার এ খাল থেকে নদীতে অপসারিত হয়। কিন্তু জোয়ারের সময় ভারি বৃষ্টিতে খালের পানি অপসারণ বাঁধাগ্রস্থ হওয়ায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং যাতায়াতের ক্ষেত্রে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। নির্মাণাধীন রূপসা স্লুইচ গেটটি নদীতে জোয়ারের সময় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে এবং বৃষ্টির পানি পাম্পের সাহায্যে অপসারণ করা হবে। প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হলে শহরের প্রধান অংশের জলাবদ্ধতা শতভাগ দূর করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ২০২৭ সালের জুনে প্রকল্পের কাজ সমাপ্ত হবে। এছাড়া কাস্টম ঘাট থেকে লবণচরা পর্যন্ত ছয়টি স্লুইস গেট একটি ইউনিট থেকে নিয়ন্ত্রিত হবে। প্রয়োজনে খুলনা সিটি কর্পোরেশনে বসেই এটি নিয়ন্ত্রণ করা যাবে বলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
প্রশাসক আরো বলেন, জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন থেকে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন। কম্পিউটারাইজড পদ্ধতির এমন বৃহৎ প্রকল্প এ অঞ্চলে পূর্বে বাস্তবায়ন করা হয়নি। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিমসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র