সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না, সবাই সমঅধিকার নিয়ে বাঁচবেন : শামা ওবায়েদ

ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবেন। সবাই স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন। বিএনপি সরকার সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সাহাপাড়া পূজামণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, গত বছরের দুর্গাপূজা আর এ বছরের পূজার মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। গত ফেব্রুয়ারিতে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। এ সরকার সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত বছরের দুর্গাপূজার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সে সময় বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে সারা রাত মন্দির পাহারা দিয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিগত সরকারের সময়ের বরাদ্দের সঙ্গে চলতি বছরের বরাদ্দের তুলনা করেন। এ বছর তাঁরা আগের তুলনায় বেশি বরাদ্দ পেয়েছেন কি না, সে বিষয়েও জানতে চান তিনি।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর মানুষ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করেছেন। তবে এবারের শারদীয় দুর্গাপূজায় সব ধর্মের মানুষ একসঙ্গে, ভাই ভাই হিসেবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসব পালন করছেন। এটাই বাংলাদেশের সৌন্দর্য ও মাধুর্য। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ১৮ কোটি মানুষকে আশ্বস্ত করতে চাই, তারা যে ধর্মের বা বর্ণেরই হোন না কেন, সবাই সমঅধিকার নিয়ে বাঁচবেন। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।’
নিজের বাবা ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণা করে শামা ওবায়েদ বলেন, তাঁর বাবাও একসময় পূজামণ্ডপে আসতেন। তিনি যত দিন বেঁচে ছিলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের জন্য কাজ করেছেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিজেদের মধ্যে কোনো ধরনের কোন্দল সৃষ্টি করা যাবে না। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলাদলি না করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হোসেন, সদস্যসচিব এনায়েত হোসেন, মাসুদ পারভেজসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/ইউএম