মানিকগঞ্জে খালে ধরা পড়লো বিশাল সেই কুমির
মানিকগঞ্জে পদ্মার শাখা নদী থেকে বের হওয়া একটি খাল থেকে অবশেষে ধরা পড়েছে বিশালাকৃতির একটি কুমির। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয় কয়েকজন যুবক কুমিরটিকে আটক করতে সক্ষম হন।
শনিবার (৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে কুমিরটি কয়েকবার দেখা গিয়েছিল। শুক্রবার রাতে স্থানীয়রা সেটি চৌকিঘাটা এলাকা থেকে আটক করেছে বলে খবর পেয়েছি। স্থানীয় গ্রাম পুলিশ সেখানে অবস্থান করছেন। আজ আমরা ঢাকার বন্যপ্রাণী বিশেষজ্ঞ দলের সঙ্গে ঘটনাস্থলে যাবো।
স্থানীয়দের অনেকে জানান, গত কয়েক সপ্তাহে তারা একাধিকবার কুমিরটিকে পানির ওপর ভেসে উঠতে দেখেছেন। এতে আশপাশের গ্রামগুলোর মানুষ নদীতে গোসল, মাছ ধরা ও নৌকা চালানো বন্ধ করে দেন।
চরবংখুড়ি গ্রামের বাসিন্দা মো. রফিক বলেন, আমরা নদীতে নামতে ভয় পেতাম। সকালে বা বিকেলে কেউ মাছ ধরতে যেত না। শুনেছি, বড় একটা কুমির ঘুরে বেড়ায় তাই সবাই আতঙ্কে ছিলাম।
কুমির ধরার কাজে অংশ নেয়া স্থানীয় যুবক রাহাত, অন্তর, রাকিব, আল আমিন, সুরুজ ও শাহিন জানান, তারা দীর্ঘদিন কুমিরটির গতিবিধি লক্ষ্য করছিলেন।
হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কুমিরটি সম্ভবত পদ্মার মূল ধারা থেকে খাবারের খোঁজে শাখা নদীতে প্রবেশ করে পথ হারিয়ে ফেলেছিল। আমরা কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করবো। এটি সুস্থ থাকলে পরে উপযুক্ত স্থানে, সম্ভব হলে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হবে।
ভোরের আকাশ/এসএইচ