টেকনাফে দুর্বৃত্তদের হামলা: গুলি পর ছেলের সামনে পিতাকে অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় সশস্ত্র পাহাড়ি দুর্বৃত্তরা হামলা চালিয়ে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও শতাধিক রাউন্ড গুলিবর্ষণের পর তাকে ধরে নিয়ে যায় তারা। এসময় বাড়ি থেকে প্রায় ২ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন বিষয়টি ফেসবুক লাইভে নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে ৪০–৫০ জনের একটি সশস্ত্র দল তাদের বাড়িতে হামলা চালায়। তিনি বলেন, “হামলার সময় আমরা ভয়ে দরজা–জানালা বন্ধ করে দিই। কিন্তু একের পর এক গুলিবর্ষণে দরজা-জানালা ঝাঁজরা হয়ে যায়। পরে তারা দরজা ভেঙে আমার বাবাকে মারধর করে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, বাড়ির পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প থাকলেও তারা তাৎক্ষণিক উদ্ধার অভিযানে এগিয়ে আসেনি। “আমি তাদের কাছে গিয়ে সহযোগিতা চাইলে তারা ভয়ে আসেনি, অভিযোগ করেন কামাল। পরে স্থানীয় লোকজন জড়ো হলে এপিবিএন সদস্যরা বাড়ির দিকে আসলেও ততক্ষণে তার বাবাকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় অপহরণের ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিয়মিত অভিযান না থাকা ও আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে টেকনাফে অপরাধমূলক কার্যক্রম বাড়ছে বলেও অভিযোগ তাদের।
হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলি বলেন, “নুরুল ইসলামের অপহরণের খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। দ্রুত তার মুক্তির ব্যবস্থা ও অপহরণকারীদের গ্রেপ্তার জরুরি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেন বলেন, নুরুল ইসলামের অপহরণের বিষয়ে পুলিশ অবগত হয়েছে। “অপহৃত ব্যক্তির মুক্তি এবং অপহরণ চক্রকে গ্রেপ্তারে অভিযান চলছে, বলেন তিনি।
ভোরের আকাশ/মো.আ.