নরসিংদীতে আগুনে পুড়েছে সাত দোকান

নরসিংদী সদর উপজেলার মাধবদী সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে বুধবার সকালে আগুনে পুড়েছে সাত দোকান। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে, সকাল সাতটার দিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে মাধবদী এবং নরসিংদী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে মার্কেটের সাতটি দোকান পুড়ে যায়। দোকানগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিকস, জুতা এবং মুদির দোকান। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানিয়েছেন, সকাল সোয়া সাতটার দিকে খবর পেয়ে মাধবদী এবং নরসিংদীর পাচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে মাত্র তিনটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে বিস্তারিত বলা যাবে।
ভোরের আকাশ/জাআ