সীমান্তে জলসীমা অতিক্রম: ১৯ ট্রলারসহ ১২২ জেলে আটক

আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় ১৯টি মাছ ধরার ট্রলারের ১২২ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে কিছু বাংলাদেশি ট্রলার মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছিল। খবর পেয়ে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার-৩ এলাকায় মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত কোস্টগার্ড বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালীন মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ট্রলার এবং ১২২ জন জেলেকে আটক করা হয়। আটক জেলেদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে বাংলাদেশি ট্রলার মিয়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মাছ শিকার করছে। ফলে, আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের ট্রলারসহ আটক করছে। আটক জেলে ও জব্দ বোটের পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করবে।”
ভোরের আকাশ/হ.র