শ্রীপুরে গ্যাংয়ের তান্ডব, ছয় বাড়িতে হামলা ও ভাংচুর

গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় তান্ডব চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।এসময় তারা ছয়টি বসতবাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে।তারা প্রতিবাদকারী এক কৃষকের দুই ছেলেকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ছফির উদ্দিন ফকিরের ছেলে সজীব ফকির বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গতকাল শনিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ী গ্রামের মাটির মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার আতাউল্লাহর ছেলে মারুফ ও সাকিবের নেতৃত্বে একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে তাদের বাড়ির পাশের খোলা মাঠে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত শনিবার দিনের বেলায় ওই মাঠে গার্মেন্টস কারখানার শ্রমিকদের মুঠোফোন ছিনতাইয়ের ঘটনাও ঘটে।
এসব ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে শনিবার রাতে কৃষক ছফির উদ্দিনের সঙ্গে মারুফ ও সাকিবের কথা-কাটাকাটি হয়। এর জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছফির উদ্দিনের দুই ছেলেকে মারধর করে। পরে তারা হামলা চালিয়ে পরিবারের ছয়টি বসতবাড়িতে ভাঙচুর করে।এসময় এলাকায় আতংক ছড়িয়ে পরে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ এনউব