চকরিয়ায় সাবেক এনজিও কর্মকর্তা অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের চকরিয়ায় শাহজাহান ফেরদৌস (৫২) নামে এক সাবেক এনজিও কর্মকর্তাকে অপহরণের অভিযোগ উঠেছে।
তাকে জীবিত ফিরিয়ে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় তাকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
অপহৃত শাহজাহান ফেরদৌস চিরিংগা কর্ণফুলী ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপক। পরিবারের দাবি, গত সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল্লাহ সিকদারপাড়া এলাকা থেকে তাকে জোরপূর্বক একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় শাহজাহান ফেরদৌসের স্ত্রী রাশেদা ফেরদৌসী বাদী হয়ে মঙ্গলবার (৩০ জুন) চকরিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে শাহজাহান ফেরদৌসকে অপহরণ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে রাশেদা ফেরদৌসীর মোবাইল ফোনে কল করে অপহরণকারীরা শাহজাহান ফেরদৌসকে জীবিত ফেরত পেতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে অপহৃতের ছেলে আদিয়াত মোহাম্মদ আয়াত বলেন, মুক্তিপণ দাবি করে ফোন করা ব্যক্তির কণ্ঠস্বর তাদের পূর্বপরিচিত বলে মনে হয়েছে। তিনি দ্রুত অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে তার বাবাকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অপহৃতকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/ র.ই