আড়াইহাজারে অভিযান চালিয়ে ৬৮ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় র্যাব-১১ সিপিএসসি নরসিংদী বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে চারটি বস্তা ভর্তি মোট ৬৮ কেজি গাঁজা উদ্ধার করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় অবস্থান নিয়ে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান থামানো হয়। তল্লাশিতে ভ্যানের ভেতর থেকে চারটি বস্তায় এসব গাঁজা পাওয়া যায়। এ সময় ভ্যানচালক সাগর চন্দ্র দাস (২৮) কে গ্রেপ্তার করা হয়। তার নিকট থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর চন্দ্র দাস জানায়, উদ্ধারকৃত গাঁজা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১১ নিশ্চিত করেছে।
ভোরের আকাশ/মো.আ.