কুষ্টিয়ায় জোড়া লাগা যমজ দুই শিশুর একই কবরে দাফন

কুষ্টিয়ার দৌলতপুরে বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমকে একই কবরে দাফন করা হয়েছে। জন্মের পর থেকে একসঙ্গে থাকা দুই বোনের শেষ ঠিকানাও হলো একই কবর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জানাজা শেষে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুলিয়া এলাকার কবরস্থানে তাদের দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরের পর জয়নব ও উম্মে কুলসুমকে আইসিইউতে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুলিয়া মধ্যপাড়া গ্রামের নাহিদ হাসান (২৬) ও সানজিদা ইয়াছমিন মুক্তা (২২) দম্পতির ঘরে গত ৪ মে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় জয়নব ও উম্মে কুলসুম। জন্মের পর থেকেই তাদের বুক থেকে পেট পর্যন্ত শরীরের অংশ পরস্পরের সঙ্গে যুক্ত ছিল।
জোড়া লাগা দুই শিশুকে নিয়ে পরিবারটির মধ্যে দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শিশু দুটির বাবা নাহিদ হাসানকে ফোন করেন। এ সময় তিনি জানান, শিশু দুটির অস্ত্রোপচার, পরবর্তী চিকিৎসা, ফলোআপসহ আনুষঙ্গিক সব খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে।
এরপর সোমবার (১০ আগস্ট) শিশু দুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও বুধবার (১২ আগস্ট) দুপুরের পর হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। আইসিইউতে নেওয়ার পর সন্ধ্যায় মারা যায় জন্ম থেকেই একসঙ্গে থাকা দুই বোন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিলগাথুলিয়া মধ্যপাড়া। পরে জানাজা শেষে একই কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় জয়নব ও উম্মে কুলসুমকে। জন্মের মতো মৃত্যুতেও একসঙ্গে রইল দুই বোন—একই কবরেই হলো তাদের শেষ ঠিকানা।
ভোরের আকাশ/সু.পা