সাত দিন পেরিয়ে গেলেও মেলেনি অজ্ঞাত নারীর লাশের পরিচয়

কুষ্টিয়া সদর উপজেলার জগতি চিনিকলের পরিত্যক্ত কোয়ার্টার এলাকা থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত নারীর লাশের পরিচয় এখনও মেলেনি। ময়নাতদন্ত শেষে লাশটি বেওয়ারিশ হিসেবে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে বুধবার জগতি সুগার মিলের পরিত্যক্ত কোয়ার্টারের পাশে একটি অর্ধগলিত নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি মিলের নিরাপত্তারক্ষীদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পরদিন ৭ মে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে পরিচয় শনাক্ত না হওয়ায় ৭ মে বৃহস্পতিবার বিকেলে মরদেহটি বেওয়ারিশ হিসেবে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর গোরস্থানের দায়িত্বপ্রাপ্ত মাওলানা লিয়াকত আলী।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় গত ৮ মে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি ছোট হাতলওয়ালা মেরুন রঙের পুঁতির মালা লাগানো ভ্যানিটি ব্যাগ, একটি সাদা স্যান্ডেল, লাল ও নীল রঙের ওড়না, কালো রঙের এমিটিশনের দুল এবং গোলাপি রঙের প্রজাপতি আঁকা একটি মাস্কসহ কিছু ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/এনউব