সালথায় ১৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণের উদ্যোগ

ফরিদপুরের সালথা উপজেলায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করা এবং পাঠদানের পরিবেশ উন্নত করতে বিদ্যালয়গুলো সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর ডিও লেটার পাঠিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো ই চিঠিতে সম্প্রসারণের জন্য ১৯টি বিদ্যালয়ের একটি অগ্রাধিকারভিত্তিক তালিকা সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে আটটি বিদ্যালয়ে আনুভূমিক এবং ১১টি বিদ্যালয়ে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।
ডিও লেটারে বলা হয়েছে, সালথা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বার্থে সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে।
শিক্ষার্থীর সংখ্যা, বিদ্যমান অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সার্বিক প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদ্যালয়গুলোর অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়েছে।
চিঠিতে উল্লিখিত বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
আনুভূমিক সম্প্রসারণের তালিকায় ৮ বিদ্যালয় আনুভূমিক সম্প্রসারণের জন্য মনোনীত বিদ্যালয়গুলো হলো কুমারপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝারদিয়া পঃ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরপদিয়া বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ঊর্ধ্বমুখী সম্প্রসারণের তালিকায় ১১ বিদ্যালয় ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য তালিকাভুক্ত বিদ্যালয়গুলো হলো কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যদুনন্দী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাগ্রাম আনোয়ার হো. ছবু. সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাড়ুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ‘ভোরের আকাশ’-কে বলেন, “উপজেলার বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তুলনায় শ্রেণিকক্ষের সংকট রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত করতে এসব বিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণ অত্যন্ত জরুরি ছিল।”
তিনি আরও বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের এই উদ্যোগের ফলে বিদ্যালয়গুলোর দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার মান আরও ত্বরান্বিত হবে বলে আমরা আশা করছি।”
উল্লেখ্য, বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ডিও লেটারের অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/রই