টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ভোরের আকাশ/মো.আ.